জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যের জন্য পুনর্ব্যবহৃত প্লাস্টিকের ক্ষেত্রে আরও শক্তিশালী সুরক্ষাব্যবস্থা প্রয়োজন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর একটি নতুন প্রতিবেদন অনুসারে, পুনর্ব্যবহৃত প্লাস্টিক ক্রমবর্ধমান বৈশ্বিক বর্জ্য সংকট নিরসনে সহায়তা করতে পারে, তবে শর্ত হলো খাদ্য প্যাকেজিংয়ে দূষণ রোধ করার জন্য কঠোর নিয়মকানুন থাকতে হবে।

রিপোর্টটি ডাউনলোড করার জন্য কিউআর কোডটি ব্যবহার করতে পারেন।
এফএও সতর্ক করেছে যে, পুনর্ব্যবহৃত প্লাস্টিক এবং বিকল্প মোড়ক বর্জ্য কমাতে সাহায্য করতে পারে, তবে শর্ত হলো, খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের মিশ্রণ রোধ করার জন্য পুনর্ব্যবহার ব্যবস্থাগুলো কঠোরভাবে পরিচালনা করতে হবে।
আধুনিক খাদ্য ব্যবস্থায় খাদ্য প্যাকেজিং একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে, যা খাদ্যের গুণমান রক্ষা করতে, সংরক্ষণকাল বাড়াতে এবং খাদ্য অপচয় কমাতে সাহায্য করে। শিল্পের দ্রুত প্রবৃদ্ধির ফলে, এই বাজার ২০২৪ সালের প্রায় ৫০৫ বিলিয়ন ডলার থেকে ২০৩০ সালের মধ্যে ৮১৫ বিলিয়ন ডলারেরও বেশি প্রসারিত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তা সত্ত্বেও, প্লাস্টিক প্যাকেজিংয়ের এই ব্যাপক বৃদ্ধি পরিবেশগত উদ্বেগের জন্ম দিয়েছে। বর্তমানে, বিশ্বব্যাপী প্লাস্টিক বর্জ্যের ১০ শতাংশেরও কম পুনর্ব্যবহার করা হয়, এবং দেশগুলো তাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে এই সংখ্যাটি বাড়বে বলে আশা করা হচ্ছে।
১. জটিল পুনর্ব্যবহার প্রবাহ
অন্যান্য অনেক পুনর্ব্যবহারযোগ্য বস্তুর মতো নয়, খাদ্য প্যাকেজিংকে অবশ্যই কঠোর রাসায়নিক সুরক্ষা মান মেনে চলতে হয়।
প্লাস্টিকের খাদ্য পাত্র এবং মোড়কে হাজার হাজার উৎপাদনকালীন পদার্থ থাকতে পারে, যেমন স্টেবিলাইজার, কোটিং, পিগমেন্ট এবং প্লাস্টিসাইজার। এছাড়াও, অনুপযুক্ত বাছাই, পরিবেশগত সংস্পর্শ বা পূর্ববর্তী ভোক্তা ব্যবহারের মাধ্যমে পুনর্ব্যবহার প্রক্রিয়াটি নিজেই অতিরিক্ত দূষক যোগ করতে পারে।
এছাড়াও, এফএও-এর বিশ্লেষণে দেখা যায় যে, ভার্জিন প্লাস্টিকের তুলনায় পুনর্ব্যবহৃত প্লাস্টিকে ধাতু, অগ্নি প্রতিরোধক, থ্যালেট এবং স্থায়ী জৈব দূষক (পিওপি)-এর ঘনত্ব বেশি থাকতে পারে।

খাদ্য সংস্পর্শে ব্যবহৃত প্লাস্টিক পুনর্ব্যবহারের জন্য FAO-এর পদক্ষেপসমূহ: খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিবেচ্য বিষয়সমূহ
বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন যে, কঠোর পরিচ্ছন্নতা, বিশুদ্ধকরণ এবং নিয়ন্ত্রক তদারকির পর, খাদ্য ব্যবহারের জন্য অনুমোদিত পুনর্ব্যবহৃত প্লাস্টিক ভার্জিন প্লাস্টিকের মতোই নিরাপদ হতে পারে। উদাহরণস্বরূপ, ইউরোপীয় ইউনিয়নে অনুমোদিত পুনর্ব্যবহৃত খাদ্য সংস্পর্শকারী উপকরণগুলোকে নতুন উৎপাদিত প্লাস্টিকের মতোই একই মানদণ্ডে রাখা হয়।
জনাব ফাতোরি বলেন, “প্রতিবেদনটির মূল পর্যবেক্ষণ হলো, পুনর্ব্যবহৃত প্লাস্টিক এবং বিকল্প খাদ্য সংস্পর্শকারী উপকরণ পরিবেশগত সুবিধা দিলেও, এগুলো খাদ্য সুরক্ষার ক্ষেত্রেও গুরুতর সমস্যা তৈরি করতে পারে।” তিনি আরও বলেন, “বৃত্তাকার অর্থনীতির নীতিগুলো প্রয়োগ করা অপরিহার্য, কিন্তু সেগুলো সঠিকভাবে প্রয়োগ করতে হবে।”
২. নতুন উপকরণ, নতুন সমস্যা
এই বিশ্লেষণে বিকল্প প্যাকেজিং উপকরণ—যেমন বায়োপ্লাস্টিক, উদ্ভিজ্জ তন্তু এবং প্রোটিন-ভিত্তিক উপকরণ—নিয়েও অনুসন্ধান করা হয়েছে, যেগুলো প্রচলিত প্লাস্টিকের টেকসই বিকল্প হিসেবে ক্রমবর্ধমানভাবে বাজারজাত করা হচ্ছে।
তবে, জৈব-ভিত্তিক হলেই যে তা স্বয়ংক্রিয়ভাবে পচনশীল হবে, এমনটা নয়। ভুট্টা বা আখের মতো নবায়নযোগ্য উৎস থেকে প্রাপ্ত কিছু উপাদান রাসায়নিকভাবে প্রচলিত প্লাস্টিকের মতোই, আবার অন্যগুলোর পচনের জন্য নির্দিষ্ট পরিবেশের প্রয়োজন হয়।
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, উদ্ভিদ-ভিত্তিক প্যাকেজিং-এর মাধ্যমে কৃষিজনিত ঝুঁকি, যেমন কীটনাশকের অবশিষ্টাংশ, বিষাক্ত পদার্থ এবং ভারী ধাতু বাহিত হতে পারে। একইভাবে, প্রোটিন-ভিত্তিক উপাদান খাদ্যে গ্লুটেনের মতো অ্যালার্জেন ছড়িয়ে দিতে পারে।
প্রচলিত প্লাস্টিকের মতোই, অনেক বিকল্প তাদের কার্যকারিতা বাড়াতে রাসায়নিক সংযোজনীর ওপর নির্ভর করে, তবুও কয়েকটির এখনও পর্যাপ্ত দীর্ঘমেয়াদী নিরাপত্তা তথ্যের অভাব রয়েছে।

আনস্প্ল্যাশ/ক্যালভিন সিহঙ্গো: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পুনর্ব্যবহারের জন্য প্লাস্টিক সংগ্রহ করা হচ্ছে।
৩. মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে সচেতনতার অভাব
এই বিশ্লেষণে খাদ্য ও পানীয়তে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক নিয়ে ক্রমবর্ধমান জন উদ্বেগের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বিজ্ঞানীরা মানুষের রক্ত, ফুসফুস, বুকের দুধ এবং প্ল্যাসেন্টায় আণুবীক্ষণিক প্লাস্টিক কণা শনাক্ত করার মাধ্যমে এর ব্যাপক সংস্পর্শের বিষয়টি নিশ্চিত করেছেন।
তথাপি, এই কণাগুলোর অবিচ্ছিন্ন শনাক্তকরণ ও পরিমাপের জন্য নির্ভরযোগ্য এবং অভিন্ন পদ্ধতির অভাবে এর সুনির্দিষ্ট স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পুনর্ব্যবহার কেন্দ্রগুলোও মাইক্রোপ্লাস্টিক দূষণের একটি উৎস হতে পারে, বিশেষ করে যান্ত্রিক পুনর্ব্যবহার প্রক্রিয়ার সময়, যেখানে প্লাস্টিককে ছোট ছোট টুকরো করে ভাঙা হয়।
“এই সবকিছু অবশ্যই একটি যথাযথভাবে নিয়ন্ত্রিত পুনর্ব্যবহার প্রক্রিয়ার মাধ্যমে শুরু করতে হবে, যার মধ্যে পরিষ্কার করা এবং রাসায়নিক দূষক অপসারণ অন্তর্ভুক্ত,” জনাব ফাত্তোরি বলেন।

আনস্প্ল্যাশ/আরশাদ পুলু: পানীয়ের বোতলের মতো অনেক প্লাস্টিকের জিনিস একবার ব্যবহারের জন্যই তৈরি করা হয়।
৪. বৈশ্বিক মানদণ্ডের দিকে অগ্রসর হওয়া
আশা করা যায়, এই ফলাফলগুলো FAO এবং WHO দ্বারা প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক খাদ্যমান সংস্থা, কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশনে চলমান আলোচনায় অন্তর্দৃষ্টি প্রদান করবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিভিন্ন দেশে পুনর্ব্যবহৃত প্লাস্টিক এবং খাদ্য সংস্পর্শকারী উপকরণের ক্ষেত্রে নিয়ন্ত্রক পদ্ধতির ভিন্নতা বাণিজ্য ও ভোক্তা সুরক্ষা উভয়ের জন্যই প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
জনাব ফাত্তোরি বলেন, “আমাদের ভূমিকা হলো দেশগুলোকে সহায়তা প্রদান করা, যার শুরুটা হবে খাদ্য সুরক্ষার প্রভাব সংক্রান্ত বিধিমালাগুলোর সমন্বয় সাধনের মাধ্যমে, উদাহরণস্বরূপ, প্যাকেজিং উপকরণের সাথে সম্পর্কিত বিষয়গুলো।”
প্রতিবেদনে বলা হয়েছে যে, সমন্বিত বৈশ্বিক মানদণ্ড দেশগুলোকে বিজ্ঞান-ভিত্তিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং একই সাথে প্লাস্টিক বর্জ্য কমাতে সাহায্য করবে।
সূত্র: ইউএন নিউজ




